আইএসপিআরের দাবি মিথ্যা: ইউপিডিএফ

খাগড়াছড়ির রামগড়ে আটক ইউপিডিএফ সদস্যদের কাছ থেকে ‘অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় আটক ইউপিডিএফ সদস্যদের কাছ থেকে ‘অস্ত্র-গোলাবারুদ উদ্ধার’ করার আইএসপিআরের দাবি মিথ্যা ও সাজানো নাটক বলে ইউপিডিএফ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড়ে গত শনিবার (১৬ মে) সেনাবাহিনী কর্তৃক আটক ইউপিডিএফ সদস্যদের কাছ থেকে ‘অস্ত্র-গোলাবারুদ উদ্ধার’ করার আইএসপিআরের দাবিকে মিথ্যা ও সাজানো বলে জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

রোববার (১৭ মে) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা আইএসপিআরের উক্ত দাবিকে নাকচ করে দিয়ে বলেন, ‘ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা গণতান্ত্রিক পন্থায় পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে আসছে।

কাজেই, রামগড়ে আটক হওয়া ইউপিডিএফ সদস্যদের কাছ থেকে ‘অস্ত্র-গোলাবারুদ উদ্ধার’ করার ও ‘গোলাগুলির’ যে দাবি আইএসপিআর করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।’

ইউপিডিএফের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বিবৃতিতে প্রকৃত ঘটনা তুলে ধরে অংগ্য মারমা বলেন, ‘গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার সময় ইউপিডিএফ সদস্য মন্টু চাকমা (রনেল) ও রাজু মারমা (সাচিং) এলাকার সুইথোয়াই মারমার মোটর সাইকেল ভাড়া নিয়ে সাংগঠনিক কাজে যাচ্ছিলেন।

তাদের হাতে কোন অস্ত্র-গোলাবারুদ ছিল না। যাবার পথে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৬মাইল (আইএসপিআর বর্ণিত বুদংছড়া) নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে মোটর সাইকেল চালকের গায়ে গুলি লাগলে তিনি আহত হয়ে মোটর সাইকেল থামাতে বাধ্য হন।

এ সময় সেনারা রনেল চাকমা ও সাচিং মারমাকে আটক করে তাদের ওপর বেদম শারীরিক নির্যাতন চালায়। পরে পরিকল্পিতভাবে তাদের কাছ থেকে ‘অস্ত্র-গোলাবারুদ’ উদ্ধার দেখিয়ে তাদেরকে রামগড় থানায় হস্তান্তর করে। সেনারা আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা হাসপাতালে ভর্তি করে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।”

বিবৃতিতে অংগ্য মারমা এ হামলাকে ভিন্নভাবে চিত্রিত করা হচ্ছে বলে অভিযোগ করে বলেন, ‘শত দমন-পীড়নেও ইউপিডিএফের ন্যায্য আন্দোলন থামানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। ইউপিডিএফ জনগণের ন্যায্য দাবিতে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর ‘
তিনি আইএসপিআরের অপপ্রচারের বিরুদ্ধে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহŸান জানান এবং অবিলম্বে আটক ইউপিডিএফ সদস্যদের নিঃশর্ত মুক্তি ও আহত ব্যক্তির সুচিকিৎসা দাবি করেন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, রামগড় উপজেলায় সেনাবাহিনীর গুলিতে এক ব্যক্তি আহত, দুই ইউপিডিএফ সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। জেলার রামগড়ে সেনাবাহিনীর গুলিতে এক ব্যক্তি(মোটর সাইকেল চালক) আহত হয়েছেন।

এছাড়া সেনারা ইউপিডিএফের দুই সদস্যকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার(১৬ই মে ২০২৬) সকাল সাড়ে ১১টার সময় রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়াডের ৬মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।