চাঁদপুরের হাজীগঞ্জে বিঘ্নহর্তা যুব সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী গণেশ পূজা সম্পন্ন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মৈশামুড়া নিত্যহরি বাড়িতে বিঘ্নহর্তা যুব সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শ্রী শ্রী গণেশ পূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে মৈশামুড়া গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। পূজাকে কেন্দ্র করে প্রতিদিন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ভক্তদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল পূজার শেষ দিনের জীবিত মায়ের মাতৃপূজা। এ আয়োজনকে ঘিরে ছিল ভক্ত ও এলাকাবাসীর ব্যাপক আগ্রহ। বিঘ্নহর্তা যুব সংঘের সদস্যরা তাদের জীবিত মায়েদের সম্মান জানিয়ে মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় বিধি অনুসরণ করে মাতৃপূজা নিবেদন করেন। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শনের ব্যতিক্রমী এ আয়োজন উপস্থিত সকলের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, সনাতন ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। তিন দিনের অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিঘ্নহর্তা যুব সংঘের সভাপতি বিধান চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠান সফল করতে যারা সার্বিকভাবে কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন—সহ-সভাপতি সবুজ দাস ও সবুজ সরকার, সাধারণ সম্পাদক তাপস সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চৌধুরী ও আপন সরকার, কোষাধ্যক্ষ জুটন সরকার ও উজ্জ্বল সরকার, সাংগঠনিক সম্পাদক সুবল সরকার, শুভ সরকার ও আকাশ সরকার। এছাড়া কার্যনির্বাহী সদস্য জনি সরকার, শান্ত সরকার, বাবুল সরকার ও সমর সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও বিঘ্নহর্তা যুব সংঘ এলাকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাবে।