চাঁদপুরের হাজীগঞ্জে ৩৮ বছরের ইভটিজারকে ৪ মাসের জেল

১৩ বছরের এক স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে ৩৮ বছরের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে উক্ত আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওমর সানী আকন।
সাজাপ্রাপ্ত আলাউদ্দিন বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে। আদালত পরিচালনা শেষে আসামীকে পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাকিলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে নানানভাবে উত্যক্ত করে আসছে আলাউদ্দিন। এতে মেয়েটি ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়ে। পরে মেয়েটির অভিবাবক, স্থানীয় চেয়ারম্যান, বিদ্যালয়ের গভনিং বডির সদস্য, প্রধান শিক্ষক মিলে সকলে প্রচেষ্টায় ইভটিজারকে আটক করা হয়।
এলাকাতে খোঁজ নিয়ে জানা যায়, আলাউদ্দিন বখাটে। সে তিন তিনটি বিয়ে করেছে কিন্তু তার কোন বউ থাকেনি। বেশ কয়েক বছর ধরে সে এ মেয়েটিকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছে। সর্বশেষ মেয়েটি ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, মেয়েটির মা আমাকে জানানোর পরে আমরা প্রশাসনকে বিষয়টি জানাই।
বিদ্যালয়ের গভনিং সদস্য হোসেন মোল্লা লিটন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ইভটিজারকে ধরে মোবাইল কোটে পাঠাই।
হাজীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওমর সানী আকন জানান, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ইভটিজারকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের জেল দেয়া হয়েছে। তিনি আরো জানান, আদালত পরিচালনা শেষে আমরা বিদ্যালয়ের প্রতিটি ক্লাশে গিয়ে শিক্ষার্থীদেরকে ইভটিজিংরোধে নানান পরামর্শ দেয়া হয়েছে।





















