ঝালকাঠির কৈখালী বাজারের শতবর্ষী বটগাছ কাটাকে ঘিরে ক্ষোভ, ঘটনাস্থল পরিদর্শন ইউএনও’র

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শত বছরেরও বেশি পুরোনো একটি বটগাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, বাজার প্রতিষ্ঠার সময় থেকেই গাছটি সেখানে দাঁড়িয়ে আছে এবং দীর্ঘদিন ধরে বাজারের একটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে পরিচিত।
স্থানীয়দের দাবি, বহু বছর আগে এক দরবেশ বাজারের পাশের খালের ভাঙন রোধ করার উদ্দেশ্যে এই গাছটি রোপণ করেছিলেন। সে সময় খালের পাড়ে বাজার থাকায় প্রায়ই ভাঙনের ঝুঁকি ছিল এবং বাজারের অংশ খালে ধসে পড়ার আশঙ্কা দেখা দিত।
গাছটি বড় হওয়ার পর থেকে এর শিকড় মাটি শক্ত করে রাখে এবং ধীরে ধীরে ভাঙন কমে যায়। পরে খালের পাশে বড় চর জেগে ওঠায় খাল অনেকটা সরু হয়ে গেছে। বর্তমানে গাছটি বাজারের অনেক জায়গাজুড়ে ছায়া দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্বস্তির পরিবেশ তৈরি করে আসছে।
এদিকে গত ৬ মার্চ (শুক্রবার) স্থানীয় এক স্কুল শিক্ষক লিটন গাছটির একটি বড় অংশ কেটে ফেলেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, সরকারি ডিসিআরভুক্ত জমিতে থাকা তার একটি দোকানের ঝাঁপ খুলতে সমস্যা হওয়ায় তিনি গাছের অর্ধেক অংশ কেটে ফেলেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে ৭ মার্চ সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক লিটনকে সাত দিনের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
স্থানীয়রা মনে করছেন, বাজারের ঐতিহ্য ও পরিবেশের সঙ্গে জড়িয়ে থাকা এই শতবর্ষী গাছ সংরক্ষণের জন্য প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে।














