দায়িত্বে অবহেলায় সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষার হাজী মফিজ আলী কেন্দ্রের সচিব প্রত্যাহার

দায়িত্বে অবহেলার কারণে সিলেটের বিশ্বনাথে চলমান এসএসসি পরীক্ষার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের ‘সচিব’কে প্রত্যাহার করেছে সিলেট শিক্ষা বোর্ড। চলমান এসএসসি পরীক্ষার ওই কেন্দ্রের দু’জন পরীক্ষার্থীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই পৌর শহরস্থ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ওই কেন্দ্রের সচিব খায়রুল আমিন মণ্ডলকে প্রত্যাহার করা হয়।

৭ মে বুধবার রাত ১০টার দিকে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক খায়রুল আমিন মণ্ডলকে প্রত্যাহারের আদেশ জারি করা হলে ওই রাতেই তাকে প্রত্যাহার করে রাত ১১টার দিকে তার (খায়রুল) পরিবর্তে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা গীতা রাণী সরকারকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।

ইউএনও আরও জানান, ২০২৬ সালের চলমান এসএসসি পরীক্ষায় দু’জন পরীক্ষার্থী ছিলেন ২০২৫ সালের। তারা হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রতে পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব খায়রুল আমিন মণ্ডল তাদেরকে ২০২৫ সালের পরীক্ষার ‘প্রশ্নপত্র’ না দিয়ে ২০২৬ সালে প্রশ্নপত্রে পরীক্ষা নেন।

ফলে এই দুই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করলে তিনি তা সিলেট শিক্ষা বোর্ডে প্রেরণ করেন। আর শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতেই সিলেট শিক্ষা বোর্ড খায়রুল আমিন মণ্ডলকে প্রত্যাহারের আদেশ জারি করেন।