নওগাঁয় খাসির নামে কুকুরের মাংস বিক্রি, অভিযুক্ত কসাই আটক

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের আড়ালে কুকুরের মাংস বিক্রির অভিযোগে প্রধান অভিযুক্ত কসাই এন্তাজুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ উকিলপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

আটক এন্তাজুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, এন্তাজুল দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের আড়ালে কুকুরের মাংস মিশিয়ে বিক্রি করে আসছিলেন। সম্প্রতি মাংসের হাড় ও অবশিষ্টাংশ দেখে সচেতন ক্রেতাদের সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয়। এরপরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি।

সোমবার রাত ৮ টার দিকে তাকে নানাইচ এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা ঘেরাও করেন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশে খবর দেন। পরে ধামইরহাট থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, প্রাথমিক তদন্তে প্রতারণার মাধ্যমে জনস্বাস্থ্যের ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ও প্রতারণার ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাজারের মাংস বিক্রিতে কঠোর তদারকি ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।