রাঙ্গামাটির সুখনীলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাঙ্গামাটি শহরের সুখনীলগঞ্জ পুলিশ লাইন দোল আদম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২ মিনিটে আগুন লাগে। সুখনীলগঞ্জ পুলিশ লাইন দোল আদম এলাকার কিনারাম চাকমার (৫০) চার কক্ষ বিশিষ্ট একটি আধা-পাকা বাড়িতে আগুন লেগে যায়। এতে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নুরুল হুদার নেতৃত্বে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাঙ্গামাটি স্টেশন অফিসার নুরুল হুদা জানান, আমরা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্ষতির পরিমাণ ৮ লক্ষ টাকা এবং উদ্ধারকৃত অর্থের পরিমাণ ১৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।