নওগাঁর মান্দায় চলাচলের পথে বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ, ভোগান্তি বেশ কয়েকটি পরিবার

নওগাঁর মান্দায় একটি দীর্ঘদিনের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে জমি দখলের অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াতসহ বেশ কয়েকটি পরিবার ভোগান্তিতে পড়েছে। এবং চলতি মৌসুমে মাঠের ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর মৌজার ৩ শতাংশ জমি কবলা মূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করছিলেন স্থানীয় বাসিন্দা মোঃ আরিফ উদ্দীন। ওই জমিটি দিয়ে গ্রামের সাধারণ মানুষ ও কৃষকরা বিল থেকে ধান নিয়ে যাতায়াত করতেন।

গত ২৯ এপ্রিল সকালে প্রতিবেশী মোঃ সৈয়দ আলী ও তাঁর সহযোগীরা ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেন। এতে ঐ গ্রামের বেশ কয়েকটি পরিবার ভোগান্তিতে পড়েছে। আরিফ উদ্দীন অভিযোগ করে বলেন, “জমিটি আমার কেনা সম্পত্তি হলেও আমরা জনস্বার্থে এটি রাস্তা হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছি। কিন্তু বিবাদীরা এখন জোরপূর্বক জমিটি দখল করতে রাস্তায় বেড়া দিয়েছে।

বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এখন বিলের ধান ঘরে তোলা যাচ্ছে না।”অভিযুক্ত সৈয়দ আলী সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে এড়িয়ে যান।

স্থানীয়রা জানান, রাস্তাটি বন্ধ হওয়ায় ওই এলাকার কৃষকদের ধান পরিবহনে বিকল্প কোনো পথ নেই। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানছেন না।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “রাস্তা বন্ধ ও জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।”ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত যাতায়াতের পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন।