নওগাঁর মান্দায় দোকান থেকে রড-সিমেন্ট না কেনায় ক্রেতার ওপর হামলা, আহত ২

নওগাঁর মান্দায় একটি নির্দিষ্ট দোকান থেকে রড-সিমেন্ট না কেনায় ক্রেতার ওপর হামলা ও ১ লাখ ৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১৯ মার্চ দুপুরে উপজেলার চৌবাড়ীয়া বাজারে ‘ভাই ভাই হার্ডওয়্যার’-এর সামনে এ ঘটনা ঘটে।
এতে মো. আবুল বাসার (৩৬) ও তাঁর বোন মাহমুদা খাতুন (৫০) আহত হয়েছেন। মান্দা থানার এজাহার সূত্রে জানা যায়, চৌবাড়ীয়া গ্রামের আবুল বাসার তাঁর বাড়ি নির্মাণের জন্য তনজেব আলীর দোকানে রড-সিমেন্টের দরদাম করেন। কিন্তু দামে বনিবনা না হওয়ায় তিনি অন্য দোকান থেকে মালামাল কেনেন।
এতে ক্ষিপ্ত হয়ে তনজেব আলী ও তাঁর ছেলে সোহেল রানাসহ সহযোগীরা গত ১৯ মার্চ দুপুরে আবুল বাসারের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে হামলায় বাসারের হাত ও চোখের উপরে গভীর ক্ষত সৃষ্টি হয়। হামলার সময় তাঁর কাছে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত বাসারের বোন মাহমুদা খাতুন ভাইকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় মাহমুদা খাতুন বাদী হয়ে তনজেব আলী ও সোহেল রানাসহ ৯ জনের বিরুদ্ধে মান্দা থানায় একটি অভিযোগ করেন ।অভিযুক্ত সোহেল রানা মারধরের বিষয়টি স্বীকার করলেও বিষয়টি বিষয়ে বিস্তারিত এড়িয়ে যান।
মান্দা থানার ওসি মাসুদ রানা জানান, অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























