নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ ইয়াবা উদ্ধার, ৯ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৯ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ২টার দিকে সীমান্ত পিলার ৪৭/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সড়কে পুনরায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া তিনটি বস্তা (কাট) তল্লাশি করে ২৯ হাজার ৯৭৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ২৯ হাজার ৬৭৫ পিস খয়েরি রঙের এবং ৩০৩ পিস সবুজ রঙের ট্যাবলেট ছিল।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গাদের সঙ্গে ইয়াবা পাচারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবা সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গিয়েছিল বলে জানা যায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত ইয়াবাসহ তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে বাহিনী এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।