নেত্রকোণায় মোটর বাইক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার খালিয়াজুরী নয়াপাড়া সংলগ্ন লক্ষীপুর এলাকায় সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকি দাস (৪২) সুনামগঞ্জের শাল্লা থানার বাজারকান্দি গ্রামের মৃত নগেন্দ্র দাসের স্ত্রী।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, জাকি দাস ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। মদন থেকে মোটরসাইকেলে চড়ে যাওয়ার পথে লক্ষীপুর গ্রামের সড়কের একটি মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় জাকি দাস ছিটকে রাস্থায় পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।