বগুড়ার শিবগঞ্জের জামুরহাটে নিসচার সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট বন্দরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত কর্মসূচিতে চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কসংকেত অনুসরণ এবং নিরাপদে চলাচলের আহ্বান জানানো হয়।

নিসচার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাদইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, সমাজসেবক প্রতীক কিশোর চাকী, আরিফুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সমাজকল্যাণ সম্পাদক বাকী বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও রাইসুল ইসলামসহ স্থানীয় সিএনজি ও অটোরিকশাচালকেরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন মেনে চলার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিরাপদ সড়ক গড়তে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।