বগুড়ার শিবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পেলো তিন শতাধিক শিক্ষার্থী

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ পেলো তিন শতাধিক শিক্ষার্থী।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বিদ্যালয়ের হলরুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন, সড়ক সংকেত, নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক আলোচনা করা হয়।
নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নিসচার শিবগঞ্জ-মোকামতলা উপজেলা শাখার উপদেষ্টা এস এম তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চদাশ জামতলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক জুয়েল ইসলাম ও সমাজসেবক প্রতীক কিশোর চাকী।
এ সময় নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয়ন, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সমাজকল্যাণ সম্পাদক বাকী বিল্লাহ, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, হাফিজুর রহমান, ময়েন উদ্দিন, আবু শাহিন, মুক্তার হোসেন, অনাদি চন্দ্র, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, ইসমা তারা, মীর ইরানি লায়লা, হোসনেয়ার, নাসরিন সুলতানা, মারুফা আক্তার ও ছাইফুন নাহারসহ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা, ট্রাফিক সংকেত অনুসরণ করা এবং সড়কে চলাচলের নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল চালকদের একক দায়িত্ব নয়; পথচারী, যাত্রী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।





















