বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাহাড়ে পালিয়ে যায় দুই চোরাকারবারী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অবস্থান নেয়। বিশেষ অভিযান পরিচালনা করে।

রাতে হাতে ব্যাগ নিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলের কাছে পৌঁছালে তাদের ধাওয়া করে বিজিবি। এ সময় তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার চায়না নির্মিত বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি দব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।