বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ওই আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের নানান স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে বিশ্বনাথ।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের নতুন বাজারের প্রবাসী চত্বর এলাকা থেকে আনন্দ র্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এরপূর্বে উপজেলা-পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে প্রবাসী চত্বরে এসে জড়ো হন।
আনন্দ র্যালী শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
এসময় আনন্দ র্যালী ও পথসভায় উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।






























