ভোটার হতে এসে ময়মনসিংহের গৌরীপুরে রোহিঙ্গা যুবক আটক

ময়মনসিংহের গৌরীপুরে ভোটার হতে এসে মোহাম্মদ মাসুদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবক আটক। সোমবার দুপুরে গৌরীপুর নির্বাচন অফিসে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক হয়।
তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই তে ২০১৭ সাল থেকে বসবাস করে আসছে। তার বাবার নাম মোঃ জোবায়ের ও মায়ের নাম শাকিলা খাতুন। তার বাড়ী মিয়ানমারের মংডু অঞ্চলে। সে ৬ ভাই বোনের মধ্যে ২য় সন্তান।
নির্বাচন কার্যালয়সূত্রে জানা গেছে, ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে তার নাম মোহাম্মদ মাসুদ থাকলেও বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন ও মায়ের নাম শান্তনা আক্তার এবং ঠিকানা দেওয়া রয়েছে উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের।
সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্মাক্ষরিত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, জন্মনিবন্ধন, খোদেজা খাতুন দারুস&সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার একটি প্রত্যয়ন পত্র এবং মা ডেন্টাল কেয়ার এন্ড আইমিত্র নামে একটি বেসরকারি হাসপাতালের রক্তের গ্রুপ পরীক্ষার একটি প্রতিবেদনও জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফাওজুল কবীর খান জানান, ভোটার হতে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। তখন তার কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা ধরা পড়ে। সে বাংলা বলতে পারলেও লিখতে পারেনা। যে এলাকার কাগজপত্র জমা দিয়েছে সে এলাকায় খোঁজ নিয়ে জানতে পারি এই নামে কেউ নেই এবং যে মাদ্রাসার প্রত্যয়ন পত্র জামা দিয়েছে সে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারি মোহাম্মদ মাসুদ নামে কোন শিক্ষার্থী নেই।
পরে বুঝতে পারি সে ভুয়া কাগজপত্র ˆতরি করে দালাল চক্রের মাধ্যমে ভোটার হতে আসে। এখন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃত রোহিঙ্গা যুবক মোহাম্মদ মাসুদ বলেন, আমাকে ১ লাখ টাকা কন্ট্রাক্ট করে কদ্দুছ অথবা কবীর নামে একজন দালাল নিয়ে এসেছে ভোটার আইডি কার্ড করে দিবে বলে।
আমি ১০ হাজার টাকা অগ্রীম দিয়েছি। আইডি কার্ড করে দিলে বাকী টাকা দিবো। আমাকে কয়েকদিন আগে গৌরীপুরে নিয়ে এসেছে। আমি একটি হোটেলে ছিলাম। সেখান থেকে সাগর নামে একজন নির্বাচন অফিসে নিয়ে আসে। এখন আমাকে রেখে চলে গেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, আইনানুগ প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।






























