ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সম্মাননা পেল ডা. মুকতাদির

চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ময়মনসিংহের গৌরীপুরের ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদিরকে সম্মাননা দিয়েছে গৌরীপুর প্রেসক্লাব।
শনিবার রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. এ কে এম এ মুকতাদিরের হাতে সম্মননা ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধিত করেন প্রেসক্লাবের সদস্যরা। এসময় প্রধান অতিথি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
ডা. এ কে এম এ মুকতাদির বলেন, ১৯৭৬ সাল থেকে আমি বিনামূল্যে দরিদ্র রোগীদের ছানি অপারেশন শুরু করি। চিকিৎসা জীবনের দীর্ঘ ৫০ বছরে এক লাখ ত্রিশ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করিয়েছি। গ্রামে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করে এখনো মানুষের সেবা দিয়ে যাচ্ছি। দেশের সর্বোচ্চ বেসমারিক পুরস্কার স্বাধীনতা পদকসহ দেশ বিদেশে অনেক সম্মাননা পেয়েছি। আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। আজকে প্রেসক্লাবের পক্ষ থেকে আমাকে যে সম্মাননা দেয়া হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
বক্তব্য দেন নান্দাইল উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার রেনেন্থেরা সুলতানা, গোলকপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাসিফ্লোরা সুলতানা নূপুর, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাবেক আহ্বায়ক মো. রইছউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, শেখ মো. বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, সদস্য আরিফ আহমেদ প্রমুখ।





























