যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম ওরফে বকুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন ধরে তার এক প্রতিবেশীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ এপ্রিল রাতে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন (মামলা নং-১৬, জি আর নং-৮৫)। মামলা দায়েরের পর থেকেই আসামি শরিফুল পলাতক ছিলেন।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সদস্যরা সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।