শিক্ষার্থীদের ফুটবল উপহার দিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী ঝুলন

ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল উপহার প্রদান করা হয়েছে। রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নিজ অর্থায়নে ফুটবল উপহার তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী এমএ বাশার ঝুলন।

ফুটবল উপহার প্রদানকালে এমএ বাশার ঝুলন বলেন, গত ১৭ বছরে শিক্ষার কোন পরিবেশ ছিলো না। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং চলতো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে চেষ্টা করছেন। তিনি খেলাধূলার প্রতি জোর দিয়ে প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করেছেন, এতে প্রতিটি বিদ্যালয়ের ছেলে ও মেয়েদেরকে অংশগ্রহণ করতে হবে।

এই টুর্নামেন্টে অধিকতর অনুশীলন করে অংশগ্রহণ করার জন্য ফুটবল উপহার দেন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীদেরকে খারাপ অভ্যাস থেকে দূরে সরিয়ে রাখতে সচেষ্ট। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলার আহ্বান জানান তিনি।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শালীহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র ধর, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুল, স্থানীয় বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান প্রমুখ।