যশোরে ৫ বিদেশি পিস্তল, গুলি গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

যশোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও মাদকের বড় চালান উদ্ধার হয়েছে। একই সঙ্গে আটক হয়েছে জেলার শীর্ষ সন্ত্রাসী লিটন গাজী। শনিবার গভীররাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় পরিচালিত এ অভিযানকে এবারকার অন্যতম বড় সফলতা বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম লিটন গাজীর বাড়িতে হানা দেয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ দলটি অভিযানে অংশ নেয়।অভিযানের সময় লিটনের শোবার ঘরের বক্সখাটে বিশেষভাবে লুকিয়ে রাখা পাঁচটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড তাজা গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো অত্যাধুনিক ও উচ্চক্ষমতাসম্পন্ন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি ওসি মনজুরুল হক ভূঁঞা জানান, ঘটনাস্থল থেকেই লিটন গাজীকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এর আগেও অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমসহ মোট তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন জানিয়েছে, বেনাপোল সীমান্ত থেকে সংগ্রহ করা এসব পিস্তল চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। তার সঙ্গে একটি বড় চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, অস্ত্র ও মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। লিটন গাজীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের আরও গুরুত্বপূর্ণ সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে।
স্থানীয়দের অভিযোগ, লিটন গাজী দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এ সাফল্যে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র–মাদক ব্যবসায়ীদের নড়েচড়ে বসার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে, যেকোনো মূল্যে এই চক্রকে নির্মূল করতে তারা বদ্ধপরিকর।






























