লালমনিরহাটের হাতীবান্ধায় সাত তালা ভেঙে স্কুলে চুরি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোর সাতটি তালা ভেঙে পাঁচটি গেট খুলে স্কুলের ভেতরে প্রবেশ করে।
এ সময় ওয়াই-ফাই রাউটার, গ্যাসের চুলা ও সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি করা হয়েছে।গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা সামনে আসে। মাঠে গরু বাঁধতে এসে স্থানীয় এক ব্যক্তি বিদ্যালয়ে চুরির বিষয়টি দেখতে পান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের সাতটি তালা ভেঙে পাঁচটি গেট খুলে ভেতরে প্রবেশ করে। পরে বিদ্যালয়ের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় তারা। এ ছাড়া দুটি স্টিলের আলমিরা ভেঙে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।এর আগেও গত ১৭ জুন বিদ্যালয়টির দুটি ওয়াশ ব্লকের সব মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার বলেন, ‘এর আগে এ ঘটনায় হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আজও অভিযোগ করব। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা শিক্ষা অফিসার জাকিউজামান মিয়া বলেন, ‘আমাদের একটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছি, যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।’






























