নেত্রকোণা সদর এলাকায় ট্রেনের ধাক্কায় অটো রাইস মিলের দুইজন শ্রমিকের মৃত্যু

নেত্রকোণা সদর চল্লিশা এলাকায় ট্রেনের ধাক্কায় অটো রাইস মিলের দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চল্লিশা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তাঁরা দুজনই চল্লিশা এলাকায় জীবন কুমার সাহার মালিকানাধীন ‘তমাল তন্ময়’ অটো রাইস মিলে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, প্রায় এক বছর ধরে রাসেল ও আকাশ ওই রাইস মিলে কাজ করছিলেন। শনিবার বিকেলে কাজ না থাকায় তাঁরা রেললাইনের পাশে খোলা জায়গায় ঘোরাফেরা করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেললাইন ধরে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী আন্তঃনগর‘ মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




























