সিলেট বিভাগের প্রথম নির্বাচিত নারী এমপি ইলিয়াস পত্মী লুনা

সিলেট বিভাগে প্রথম নির্বাচিত নারী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে তিনি সবমিলিয়ে ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সারওয়ার আলম বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এ আসনটি ‘মাইনাস ইলিয়াস আলী’ ফর্মূলার কারণে বেশ আলোচিত। ২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হবার পর থেকে এ আসনটিতে আলোচনায় ছিলেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
লুনার দাবি, আওয়ামী লীগ সরকার তাকে ‘গুম’ করেছে। এবার তিনি এ আসনে বিএনপি’র প্রার্থী ছিলেন। শুরুতে তার প্রার্থীতা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভাজন থাকলেও তার পক্ষে নির্বাচনী মাঠে দলের নেতা-কর্মীরা ছিলেন ঐক্যবদ্ধ।
এ আসনে জামায়াত জোটের মুনতাসির আলী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা) ১৪০৮, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ১৪২০ এবং গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য) ৬৩৭ ভোট পেয়েছেন।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৫শ ৮১জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫শ ২ জন। কেন্দ্র রয়েছে মোট ১শ ২৮ টি।
সিলেট-২ আসনে জয়ী ব্যক্তি সিলেট বিভাগে প্রথম নির্বাচিত নারী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা মন্ত্রিসভায় স্থান পাবেন বলে ধারণা নেতা-কর্মীদের।






























