সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে মোজাহিদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহিদুল ইসলাম নেংগী গ্রামের ইটভাটা শ্রমিক শহীদ গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু মোজাহিদুল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষ করে বাড়ির পাশের পুকুরে হাঁড়ি-পাতিল পরিষ্কার করতে গেলে শিশুটি পানিতে ভাসতে দেখতে পান।

পরে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।