নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালি উত্তরপাড়া (কালুর মোড়) এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর নাম মিনতি (৩০)। আজ সকালে নিজ বাড়ি থেকে দড়িবাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী জান্নাত (৩৫) পলাতক রয়েছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গোয়ালি উত্তরপাড়া এলাকার সালামের ছেলে জান্নাতের সাথে তার স্ত্রী মিনতির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
অভিযোগ রয়েছে, জান্নাত নিয়মিত নেশাগ্রস্ত থাকতেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত রাতেও তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। আজ সকালে ঘরের ভেতর মিনতির ঝুলন্ত দেহ দেখতে পান স্বজন ও প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে মরদেহের শরীরে দড়িবাঁধা থাকায় এবং স্বামীর পলাতক থাকার কারণে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত মিনতি দুই সন্তানের জননী ছিলেন। এলাকাবাসীর দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি। মরদেহটি বর্তমানে বাড়িতেই রয়েছে।
পুলিশ আসার পর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে ।ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের প্রাথমিক তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।






























