ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান : ভ্রাম্যমাণ আদালতে দুইজনের ৪ মাসের কারাদণ্ড

মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ- ৮ আসনের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় ঈশ্বরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন, মজুত ও বিক্রির অভিযোগে দুইজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আশরাফুল আলম আকাশ (২৮), পিতা: মো. আবুল কাশেম এবং নয়ন মিয়া (৪০), পিতা: মৃত চানফর আলী। তারা উপজেলার রহমতগঞ্জ দত্তপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আশরাফুল আলম আকাশ তার নিজ বাড়িতে কাবা শরীফের পোস্টারসহ বিভিন্ন সাজসজ্জা দিয়ে একটি কক্ষ তৈরি করে সেখানে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন, মজুত ও বিক্রির কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে প্রশাসনের নজরে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে বুধবার রাত প্রায় ৯টার দিকে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে।
অভিযানকালে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার রাশেদ মোশারফ, এসআই জালাল, সামিউল, ওয়াজেদ আলী, এএসআই শাহ আলম, বিজয় কুমার দাস, নিলু চন্দ্র দাসসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে মাদক সেবন ও মজুতের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে উভয় আসামিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”






























