রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় আবারও খাল খনন কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচি সফল হলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের পরিবেশগত ভারসাম্যও পুনরুদ্ধার হবে।

রোববার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটির সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে মানিকছড়ি ছড়া ব্রীজ হইতে বড়পাড়া নালা পর্যন্ত এবং কুকুকছড়ি বাজার হতে মোনতলা পর্যন্ত মাউরুম খাল খনন কর্মসূচির উদ্বোধন শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।

খাল খনন কর্মসূচী‌তে অন‌্যান‌্যর ম‌ধ্যে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পাবর্ত‌্য মন্ত্রনাল‌য়ের উপ স‌চিব বরীন্দ্র চাকমা, রাঙামা‌টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হো‌সেন চৌধুরী, এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী আহাম্মদ স‌ফি, জেলা বিএন‌পির সাধারন সম্পাদক মামুনুর র‌শিদ মামুনসহ বি‌ভিন্ন স্ত‌রের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

রাঙামা‌টি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙ্গা, ও বালুখালী ইউনিয়নে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।