‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কেবিনেটের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ‘মাস্টারমাইন্ড’ তকমা দেননি। এই শব্দটা সবসময় একটি বাজে শব্দ।

সম্প্রতি একটি অনলাইন টক-শো’য় অংশ নিয়ে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই তথ্য উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, আমরা কি কখনো বলি যে, ৬৯’র গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র?এটা আইয়ুব খান বলেছেন। এটা ইয়াহিয়ারা বলেছেন। এটা পাকিস্তানের জান্তা বলেছে। আজকে যে রকম আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বলছে।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস তাকে নিয়ে দুটি কথা বলেছিলেন; তবে কোথাও মাস্টারমাইন্ড শব্দটি ব্যবহার করেননি। মাস্টারমাইন্ড একটি বাজে শব্দ। আপনি বলবেন ‘হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড’? ‘মাস্টারমাইন্ড অলওয়েজ অ্যা ব্যাড ওয়ার্ড’। প্রফেসর ইউনূস মাস্টারমাইন্ড শব্দটি ব্যবহার করেননি।

আমাদের শফিকুল আলম এবং প্রফেসর ইউনূস আমাকে নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন; সেখানে মাস্টারমাইন্ড শব্দটিই বলেননি। স্যার খুবই ক্যাটাগরিক্যালি শব্দটি ব্যবহার করেছেন, ‘ব্রেইনস বিহাইন্ড’!এই শব্দটি আপনি যেকোনো ওয়েস্টার্ন ডিবেটে বা পলিটিক্যাল তর্কে ব্যবহার করতে পারেন।

তিনি আরও বলেন, বিষয় হচ্ছে; এটাকে বাংলাদেশে অন্যভাবে ফ্রেমিং করা হয়েছে।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে যোগ দেন তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মূলত সেই অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফরসঙ্গীদের তিনজনকে পরিচয় করিয়ে দেন। নিউইয়র্কে আয়োজিত সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের অন্যতম কারিগর হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন।