ময়মনসিংহ জেলা উন্নয়ন কমিটির সভা

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।(রবিবার)জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান।

এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান,স্বাস্থ্য বিভাগে পরিচ্ছন্নতা কার্যক্রম,অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮শে জুন সারাদেশের মতো ময়মনসিংহেও ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, জেলার ১৩টি উপজেলায় চলমান মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজ আগামী ৩০শে জুনের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া ওএমএস কর্মসূচির আওতায় মহানগরীর ৩৩টি ওয়ার্ডে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।খাদ্য বিভাগের কর্মকর্তা জানান, ময়মনসিংহ মহানগরীতে ৫৪ জন ওএমএস ডিলারের মধ্যে রোস্টার অনুযায়ী ৮টি ট্রাক সেল ও ২৫টি দোকানের মাধ্যমে ৩৩টি ওয়ার্ডে সরকারি ছুটির দিন ব্যতীত বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ওএমএসের আওতায় ভোক্তাদের কাছে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক-জনগণের কাছে দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।