সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এক এনজিও কর্মীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোটরসাইকেলের মালিক মো. তৌহিদুজ্জামান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়িত যুব-নেতৃত্বে দুর্যোগের ওপর স্থায়ী আদেশাবলী (এসওডি) ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে অংশ নিতে এসে সিডোর প্রকল্প সমন্বয়কারী মো. তৌহিদুজ্জামান তার ব্যবহৃত মোটরসাইকেলটি উপজেলা পরিষদ চত্বরে রেখে সভায় যোগ দেন। অনুষ্ঠান শেষে বাইরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই।পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তকে অবহিত করেন। ইউএনওর পরামর্শে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
চুরি হওয়া মোটরসাইকেলটি মো. তৌহিদুজ্জামানের নামে নিবন্ধিত একটি হিরো স্প্লেন্ডার। এর রেজিস্ট্রেশন নম্বর সাতক্ষীরা-হ-১৪-৯৬১৫। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা উপজেলা পরিষদের নিচতলা থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে বলে জিডি করা হয়েছে।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি নং-১৫৬৫, তারিখ ২৩ জুন ২০২৬ দাখিল করা হয়েছে।
ইতোমধ্যে উপজেলা পরিষদ চত্বরে ও বিভিন্ন দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির স্পষ্ট চেহারা দেখা গেছে। পুলিশ ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানা গেছে।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যানচুরির ঘটনা বেড়েছে।
বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।






























