খুলনার ডুমুরিয়া কাঠালতলা বাজার কমিটির নির্বাচনে মাহাবুব সভাপতি, রায়হান সম্পাদক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কাঠালতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে শেখ মাহাবুব রহমান (উথান), সাধারণ সম্পাদক পদে রায়হান মোড়ল এবং কোষাধ্যক্ষ পদে গাজী মুক্তার হুসাইন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বাজার কমিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩২০ জন ভোটারের মধ্যে ৩১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৩টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসাইন, সদস্য সচিব মো. আজাহারুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার মো. জাকির হোসেন ও রুমানা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।
নির্বাচনের সবচেয়ে আলোচিত সভাপতি পদে ‘ছাতা’ প্রতীকের শেখ মাহাবুব রহমান (উথান) ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘চেয়ার’ প্রতীকের মো. তৌফিকুল ইসলাম পান ১৩৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘মাছ’ প্রতীকের রায়হান মোড়ল ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ফুটবল’ প্রতীকের মো. হাসান শেখ পান ১৪৯ ভোট।
সহ-সভাপতি পদে ‘আম’ প্রতীকের মো. ইলিয়াজ মালী ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ‘আনারস’ প্রতীকের মো. নজরুল শেখ পান ৮৬ ভোট এবং ‘টিয়া পাখি’ প্রতীকের মো. আসাদুজ্জামান মোড়ল পান ৭২ ভোট।
কোষাধ্যক্ষ পদে ছিল টানটান উত্তেজনা। ‘গোলাপ ফুল’ প্রতীকের গাজী মুক্তার হুসাইন ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘কলম’ প্রতীকের হাফিজুর রহমান শেখ পান ১৫২ ভোট।
এদিকে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৬টি পদে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মো. রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোপী নাথ রাহা এবং কার্যনির্বাহী সদস্য মো. মোস্তাক বিশ্বাস ও মো. তরিকুল ইসলাম।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
সভাপতি নির্বাচিত হয়ে শেখ মাহাবুব রহমান বলেন, কাঠালতলা বাজারের ব্যবসায়ীরা আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আমি সকল ভোটার ও ব্যবসায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, পুরো বাজারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবো। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো। নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবাইকে সঙ্গে নিয়েই একটি ঐক্যবদ্ধ ও আধুনিক বাজার গড়ে তোলার চেষ্টা করবো।
ব্যবসায়ীদের প্রত্যাশা, দীর্ঘদিন পর নির্বাচিত নতুন নেতৃত্ব কাঠালতলা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ী ঐক্য সুদৃঢ়করণ এবং বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।





























