নান্দাইলে শহিদ-আহতদের পাশে থাকবে সরকার; তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন,জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীর বিচার বাংলাদেশেই নিশ্চিত করা হবে। একই সঙ্গে শহিদ ও আহতদের পরিবারের পাশে সরকার সবসময় থাকবে।
(বুধবার) নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করবে।
তিনি জানান, নান্দাইল উপজেলার ছয়টি জুলাই শহিদ পরিবারের জন্য আধাপাকা ঘর নির্মাণ ও নলকূপ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও শহিদ পরিবার ও আহতদের পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এর আগে তিনি শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং জুলাই কর্নার, ফটো প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন ও ‘জুলাই স্মৃতি ক্যানভাস’ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






























