যশোরের মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মোহাম্মদ হোসাইন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ হোসাইন টুনিয়া ঘড়া গ্রামের মোহাম্মদ মফিজুর রহমান ও সোনিয়া খাতুনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে- শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে কোনো একসময় বাড়ির পাশ থেকে হোসাইন নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বিষয়টি মণিরামপুর থানা-পুলিশকে জানানো হয়।
পরে দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






























