কনের বাড়িতে বরের আগে উপস্থিত এসিল্যান্ড, বন্ধ হলো বাল্য বিয়ে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৪ বছর ৩ মাস বয়সী এক কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করে পরিবার। খবর পেয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

জানা গেছে, কনের বাড়িতে বিয়ের সব আয়োজনই ছিল। দাওয়াত করে মেহমান খাওয়ানোর আয়োজনও ছিল জমজমাট। শুধু অপেক্ষা বরযাত্রীর। তবে এর মধ্যে বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

পরে তিনি বাল্যবিবাহের সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন এবং ওই কিশোরীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে কনের বাবা আব্দুল জলিলের কাছ থেকে নেওয়া হয় মুসলেকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাল্যবিবাহের বিষয়টির তথ্য পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় গিয়ে বিয়ে বন্ধ করে দিই। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান করেন তিনি।