নওগাঁর পত্নীতলায় মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার, বাড়িতে মিলল ট্যাপেন্টাডল

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে দেওয়ালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিরাজুল ইসলাম ও ডলি খাতুনের বসতবাড়ি থেকে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৮১৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক জানায়, ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ডিলার হিসেবে সিন্ডিকেট গড়ে তুলে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।