বগুড়ার শিবগঞ্জে ভাইয়ের মৃত্যু ঘিরে অপপ্রচারের প্রতিবাদে ৮ ভাই-বোনের সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত একটি ভিডিও এবং কামরুজ্জামানের মৃত্যুকে কেন্দ্র করে কথিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে তাঁর পরিবার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৃতের ভাই ও তহশিলদার মো. মিজানুর রহমান। এ সময় পরিবারের ৮ ভাই-বোনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান দাবি করেন, তাঁর ছোট ভাই কামরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাতে তিনি নিজের অংশের প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেন। পরবর্তী সময়ে অর্থের জন্য পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলেও দাবি করেন তিনি।

মিজানুর রহমান অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে কামরুজ্জামান তাঁর আরেক ভাই বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

ওবায়দুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির রাজনৈতিক অনুসারী হওয়ায় কামরুজ্জামান নেশাগ্রস্ত অবস্থায় প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা ও ভিত্তিহীন লাইভ ভিডিও প্রচার করেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ওই ভিডিও প্রচারের কয়েক দিন পর ৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে কামরুজ্জামানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ১০ সেপ্টেম্বর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। পরে ১৫ সেপ্টেম্বর আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর ভোরে তাঁর মৃত্যু হয়।

পরিবারের দাবি, কামরুজ্জামানের অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।