ঝালকাঠির কৈখালী বাজারে অগ্নিকাণ্ড: ৮ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিএনপি নেতার আর্থিক অনুদান

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি নেতা দুলাল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ জন ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আসরের নামাজের পর ১ নং চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল কালাম আজাদ (দুলার হাওলাদার) এর পক্ষ থেকে তার ছোট ভাই বাদশা হাওলাদার ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস জোমাদ্দার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কৈখালী বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার এলাকা পরিদর্শন করেন। গত শুক্রবার ভোর রাতের এ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।























