ইউএনওকে জড়িয়ে সংবাদ প্রকাশের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা

আব্দুস সালাম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনককে জড়িয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আজম মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনসহ নেতৃবৃন্দ ও সদস্যরা এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, শ্যামনগর পৌরসভার মধ্যে অবস্থিত অবৈধ ইটভাটা নিয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা ইতোমধ্যে জাতীয় দৈনিক বাংলা বাজার, দৈনিক পত্রদূত, দৈনিক তথ্য ও দৈনিক রূপান্তরসহ এক ডজনের বেশি পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন। এসব প্রতিবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যও তুলে ধরা হয়েছে। অথচ বুধবার স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত একই ধরনের প্রতিবেদনে ইউএনও বক্তব্য না দিয়ে হুমকি দিয়েছেন বলে দাবি করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে মনে করে প্রেসক্লাব।

বিবৃতিতে আরও বলা হয়, এক সাংবাদিকের নামে গাবুরা ইউনিয়নের জন্য নির্ধারিত টিসিবির একটি ডিলারশিপ রয়েছে। কয়েক সপ্তাহ আগে রাতে নকিপুর বাজারে সয়াবিন তেল বিক্রির সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রশাসন তেল জব্দ করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গঠিত এক সদস্যের তদন্ত দল সংশ্লিষ্ট ডিলারের নির্ধারিত গুদাম পরিদর্শন করে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতির ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ডিলার তাঁর দুই সহকর্মীকে নিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। একপর্যায়ে তাঁরা অবৈধ ইটভাটা সম্পর্কে তথ্য জানতে চাইলে ইউএনও জেলা প্রশাসকের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন। এরপর ইউএনও হুমকি দিয়েছেন বলে সংবাদ প্রকাশের বিষয়টিকে ব্যক্তিগত আক্রোশপ্রসূত ও ভিত্তিহীন বলে দাবি করেছে প্রেসক্লাব।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত অন্য তিনজনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ইউএনওর হুমকি দেওয়ার অভিযোগের পক্ষে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি বলে উল্লেখ করা হয়।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড পেশার মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করে। তাঁরা সংশ্লিষ্ট অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকতার ক্ষেত্রে নীতি-নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আজম মনির ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনসহ সংগঠনের সকল সদস্য স্বাক্ষর করেছেন।