রাঙ্গামাটিতে সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় ৫১টি মোবাইল উদ্ধার

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষ প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম,
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মোবাইলগুলো হস্তান্তর করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এইচ.এম. মাহমুদ, রাঙ্গামাটি জেলা সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
জনসেবায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং নিশ্চিতকরণে রাঙ্গামাটি জেলা পুলিশ এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।






























