কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও দূষিত পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দোতলা ভবনের পেছনে পলিথিন, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, কাগজ ও বিভিন্ন ধরনের পচনশীল বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কোথাও ময়লা পোড়ানোর চিহ্নও রয়েছে। ভবনের জানালার কাছেই আবর্জনার স্তূপ থাকায় দুর্গন্ধ সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু জানান, দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিষয়টি নিরসনে পৌর কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
অভিযোগ রয়েছে, বিষয়টি পৌরসভার পরিচ্ছন্নতা কাজের দায়িত্বে থাকা নাজমুল ইসলামকে জানানো হলেও ময়লার স্তূপ অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে রোববার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত ময়লার ভাগাড় অপসারণ, এলাকাটি পরিষ্কার এবং ভবিষ্যতে সেখানে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






























