বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। তাদের মধ্যে ৯১ জন ছিলেন গুরুত্বপূর্ণ নেতা, যারা ত্রয়োদশ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ায় অনেক নেতাকর্মীকেও তখন হাইকমান্ডের শাস্তির মুখে পড়তে হয়। তবে এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ গ্রুপিং-কোন্দল নিরসন করে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে দলটি।
দলীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা, দলীয় ঐক্য প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। এ উদ্যোগের অংশ হিসেবে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন করে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি জমা দিয়েছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে অন্তত ৫০০ নেতাকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে দলটির। তাদের মধ্যে ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী এমপি প্রার্থী রয়েছেন। এরই মধ্যে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একই প্রক্রিয়ায় অন্য নেতাদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে কেন্দ্রীয় ও তৃণমূলের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করে দলটি। এদের মধ্যে সাতজন বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং গণমাধ্যমকে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃতদের দলে ফেরানোর আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সবাইকে দলে ফিরিয়ে নেওয়া হবে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে বিএনপিতে ফেরার তালিকায় যারা থাকতে পারেন তাদের মধ্যে রয়েছেন সংসদ নির্বাচনে বহিষ্কৃত বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থী। তারা হলেন- ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। এ ছাড়া থাকতে পারেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
এছাড়া ওই তালিকায় আরও থাকতে পারেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী প্রমুখ।
বহিষ্কার হওয়া একাধিক নেতা জানান, কেউ কেউ দলে ফেরার জন্য আবেদন করেছেন। আবার অনেকেই দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে তারা আবেদন করবেন। কারণ হিসেবে তারা বলেন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, সবাই বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন দলে ফেরার আবেদন করলে অনেকে এটা নিয়ে কটূক্তি করবে, এটা আমরা চাই না। আবেদন করা শুধু একটা ফরমালিটি। কিন্তু হাইকমান্ড চাইলে যে কোনো নেতাকে দলে ফিরিয়ে নিতে পারেন।
অবশ্য কেউ কেউ অভিযোগ করেন, দলের ভেতরে ও বাইরে সাংগঠনিক নেতাকর্মীদের কোণঠাসা করে রাখা হচ্ছে। এ জন্য আজকে আওয়ামী লীগ রাজপথে সুযোগ পাচ্ছে। সাংগঠনিক লোকদের দায়িত্ব দিলে আওয়ামী লীগকে রাজপথেই মোকাবিলা করা আরও সহজ হবে বলে মনে করেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার এ উদ্যোগ সফল হলে তৃণমূলের দীর্ঘদিনের বিরোধ অনেকটাই কমে আসবে। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলা করার জন্য সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে তৃণমূলের বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক- দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া যাবে।
যুগান্তর






























