মহাস্থান থেকে রহবল নিরাপদ সড়কের বার্তা ছড়ালো নিসচা

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা গড়ে তোলা এবং নিরাপদ সড়কের দাবি মানুষের দ্বারে পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান থেকে মোকামতলা উপজেলার রহবল পর্যন্ত প্রচারাভিযান চালিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ-মোকামতলা উপজেলা শাখা।
নিসচার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সড়কে চলাচলকারী চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় মহাস্থান বন্দরে এবং বেলা আড়াইটায় রহবল বন্দরে পৃথকভাবে এ প্রচারাভিযান পরিচালিত হয়। এ সময় বগুড়া-রংপুর মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, সড়ক সংকেত মেনে চলা এবং নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
মহাস্থান বন্দরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এমআর মিজান, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছার রহমান মিঠু, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সিনিয়র সহসভাপতি ইমরানুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন নয়ন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, যুববিষয়ক সম্পাদক ওসমান গণি, কার্যনির্বাহী সদস্য সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রহবল বন্দরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সিনিয়র সহসভাপতি ইমরানুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক কনক দেব ও জয়নাল আবেদিন নয়ন, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, যুববিষয়ক সম্পাদক ওসমান গণি, কার্যনির্বাহী সদস্য সজিবসহ সংগঠনের অন্যান্য কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রচারাভিযানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনো একক ব্যক্তির অসচেতনতার ফল নয়; চালক, যাত্রী ও পথচারী সবার দায়িত্বশীল আচরণই পারে দুর্ঘটনা কমিয়ে আনতে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার এবং ট্রাফিক আইন অমান্য করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারে অভ্যস্ত হতে হবে।
আয়োজকেরা জানান, আগামী ১ ডিসেম্বর নিসচার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মহাস্থান ও রহবল বন্দরে এ প্রচারাভিযানের আয়োজন করা হয়। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটির সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।






















