অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরের বাগআঁচড়ায় আনন্দ মিছিল

অনিন্দ্য ইসলাম অমিত-কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত করায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা স্লোগান দেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বাগআঁচড়া বাজারের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।
পরে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, ইউনিয়ন বিএনপির সদস্য আল মামুন রাজু ও মনিরুল ইসলাম মনি, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু এবং উপজেলা যুবদলের সদস্য বাবর আলী বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং যশোরসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।






























