কিশোরগঞ্জের করিমগঞ্জে ধর্ষণের শিকার ৮০ বছরের ভিক্ষুক নারী

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া গ্রামে ৮০ বছর বয়সী এক অসহায় ভিক্ষুক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (২৯ মে) সন্ধ্যায় জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকা থেকে উত্তেজিত জনতা ধর্ষণের অভিযোগে খোকন মিয়া (৪০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। সারাদিনের ক্লান্তি নিয়ে তিনি হয়তো নিজের ঘরে ফেরার স্বপ্ন দেখছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, পথিমধ্যে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় একটি নির্জন স্থানে।

সেখানে তার হাত-পা বেঁধে ধ*র্ষণ করা হয়। বাড়িতে ফিরে তিনি কান্নায় ভেঙে পড়েন। বয়সের ভারে নতজানু সেই নারী চোখের জল আর কাঁপা কণ্ঠে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। তার সেই আর্তনাদ শুধু পরিবারের নয়, পুরো এলাকার মানুষকেও নাড়িয়ে দিয়েছে।

ভুক্তভোগীর মেয়ে বলেন, আমার মা ভিক্ষা করে জীবন চালান। তার সঙ্গে যা করা হয়েছে, তা কোনো মানুষের সঙ্গে হওয়ার কথা নয়। আমরা বিচার চাই।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই করিমগঞ্জের মথুরাপাড়া এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ মিছিলে অংশ নেন। ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন সাধারণ মানুষ।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।