কুড়িগ্রামে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে দেশজুড়ে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি চর্চার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা যুবদল। কেন্দ্র ঘোষিত এই কর্মসুচি উপলক্ষে বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে কয়েক হাজার নেতা- কর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি কামাল আনোয়ার আহমেদ,সহ সভাপতি শাহ আলম চৌধুরী, সহসভাপতি নাজমুল ইসলাম নাজুক, সহ সভাপতি তরিকুল ইসলাম।
কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারন সম্পাদক নাদিম আহমেদ সহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমান আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। কিন্তু ফ্যাসিস্ট ও গুপ্ত মহলটি অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়।সকল অপপ্রচার ও সন্ত্রাসের বিরুদ্ধে শুধু সপ্তাহ নয় বছরের পর বছর ধরে অতীতের ন্যায় মাঠে থাকবে যুবদলের কর্মীরা।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে কুড়িগ্রাম শহরে বেশ কয়েকটি খন্ড মিছিল প্রবেশ করে। দীর্ঘদিন পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে উজ্জীবিত দেখা যায় নেতা কর্মীদের।






























