ঝালকাঠির আমুয়া–কাঠালিয়া সড়কে শতাধিক খানাখন্দ, দুর্ভোগ

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ আমুয়া–কাঠালিয়া সড়কটি বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে শতাধিক খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, মোটরসাইকেল আরোহী এবং বিভিন্ন যানবাহনের চালকরা। সড়কটি ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাভুক্ত।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হলেও তা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এসব গর্ত তলিয়ে যাওয়ায় কোনটি কতটা গভীর তা বোঝার উপায় থাকে না। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পথচারী ও চালকরা।
স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াতে সময় বেশি লাগছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
এ বিষয়ে ঝালকাঠি সওজের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো সড়কটি সংস্কারের জন্যও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


















