নির্বাচনের ৪ বছর ৫ মাস পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান শামসুজ্জামাল

নির্বাচনের ৪ বছর ৫মাস পর শপথ নিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামাল। তাঁকে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

নির্বাচিত ইউপি চেয়ারম্যান শামসুজ্জামাল বলেন, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অনিয়মের মাধ্যমে সালাউদ্দিন কাদের রুবেল আমার জয় ছিনিয়ে নেয়। পরবর্তীতে আমি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করি। মামলায় বিজ্ঞ আদালত ২০২৫ সালের ২৮জানুয়ারি আমার পক্ষে রায় ঘোষণা করে।

আদালত আমাকে শপথবাক্য পাঠ করানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করে। কিন্তু সালাউদ্দিন কাদের রুবেল এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে।
হাইকোর্ট আমার পক্ষে রায় ঘোষণা করায় আজ আমাকে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শপথবাক্য পাঠ করান। আজই আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা শপথ ও দায়িত্বভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।