বগুড়ার শিবগঞ্জে নতুন রূপে রূপালী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বগুড়ার শিবগঞ্জে আধুনিকতার নতুন ছোঁয়ায় রূপালী ব্যাংক পিএলসি তাদের ব্যবসায়িক কার্যক্রমের সূচনা করেছে।
রোববার সকাল ১১টায় উপজেলা সদরের নিমতলায় মন্ডল মার্কেটের ২য় তলায় ব্যাংকের নতুন পরিসর ও উন্নতমানের অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। তিনি বলেন, রূপালী ব্যাংক গত ৫৩ বছর ধরে গ্রাহক সেবায় যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা ধরে রেখে ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবার বিস্তারে আরও গতিশীল হতে হবে। গ্রাহকবান্ধব ব্যাংকিং ব্যবস্থার জন্য এই নতুন অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. মাহবুর রহমান এবং শিবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান।
এছাড়া বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক পিএলসি’র শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক খালিদ হাসান আরমান, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মেহেদী হাসান, ভবন মালিক শরিফুল ইসলাম এবং সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দীন।
রূপালী ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আরিফ হোসেন, রূপালী ব্যাংক বগুড়া জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. আল ইমরান, বগুড়া কর্পোরেট শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদ, মহাস্থান শাখার ব্যবস্থাপক বিপ্লব কুমার সাহা, মোকামতলা শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সাত্তারসহ দেড় শতাধিক গ্রাহক ও ব্যবসায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, শিবগঞ্জ হাইস্কুল রোডে স্বল্পপরিসরের ভবনে দীর্ঘদিন ধরে রূপালী ব্যাংকের কার্যক্রম পরিচালিত হতো। গ্রাহকের চাপ বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং সুবিধার বিস্তার এবং আরামদায়ক সেবা নিশ্চিতে পুরাতন অফিস থেকে সরে এসে নতুন ও প্রশস্ত এই ভবনে কার্যক্রম শুরু করল রূপালী ব্যাংক পিএলসি।
নতুন পরিবেশে শিবগঞ্জে রূপালী ব্যাংক এবার আরও উন্নত সেবা নিয়ে গ্রাহকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলো।
















