ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫০ হাজার রোজাদারকে মাসব্যাপী বিনামূল্যে ইফতার দিচ্ছেন হারুন

পবিত্র রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রায় ১৯ লাখ টাকার বাজেটের একটি বৃহৎ মানবিক কর্মসূচি চালু করেছে ঈশ্বরগঞ্জ পৌর বাজার কমিটির সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এ,কে,এম হারুন অর রশিদ।
এই কর্মসূচির আওতায় প্রতিদিন ঈশ্বরগঞ্জ পৌর বাজারের পথচারী, ব্যবসায়ী ও পৌর এলাকার এক হাজারের বেশি রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে। পহেলা রমজান থেকেই শুরু হয়েছে বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম। চলবে পুরো রমজান জুড়ে।
আয়োজক ও ইফতার বিতরণ কার্যক্রমে নিয়োজিতরা জানান, রমজান মাসব্যাপী আমরা প্রায় ৫০ হাজার রোজাদারের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণের লক্ষ্যে প্রতিদিন ১ হাজার থেকে ১৬০০ মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছি।
স্পেশাল সবজি খিচুড়ির প্যাকেট রোজাদারদের হাতে হাতে দিচ্ছেন দায়িত্বরতরা। ফলে ইফতারের প্যাকেট হাতে খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে রোজাদারদের। ইফতার ছাড়াও সূলভমূল্যে ডিম বিক্রির কথা জানিয়েছেন হারুন অর রশিদ।
আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার বিকালে ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সামনে গিয়ে দেখা যায়,সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকা রোজাদারদের হাতে হাতে ইফতারের প্যাকেট তুলে দিচ্ছেন হারুন অর রশিদ।
ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা আলাল উদ্দিন বলেন,গত শুক্রবার বিকালে জরুরি কাজে বাজারে এসেছিলাম। কাজ শেষ করতে ইফতারের সময় ঘনিয়ে এসেছিল। এমন সময় হারুন ভাইকে দেখলাম ইফতার বিতরণ করছেন। বাড়িতে গিয়ে ইফতারের সময় পাবো না ভেবে বিনামূল্যে এক প্যাকেট খিচুড়ি নিলাম রাস্তায় ইফতার করে নিবো। এটা খুব ভালো উদ্যোগ। তাদের ধন্যবাদ জানাই।
ষাটোর্ধ রাজিয়া বেগম নামে এক বৃদ্ধা বলেন,বাজারে সকল প্রকার ইফতার সামগ্রীর দাম অনেক বেশি। আমাদের মতো গরীবের জন্য বিনামূল্যের এই ইফতার দরকার ছিলো। যারা দিয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুন।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এ,কে,এম হারুন অর রশিদ বলেন,এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো স্বল্প আয়ের পরিবার, পথচারী, গরীব ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। একজন রোজাদারকে তৃপ্তির সাথে ইফতার করানোর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে!
প্রতিদিন ১ হাজার থেকে ১৫০০ রোজাদারের হাতে বিনামূল্যে ইফতার দেওয়া হচ্ছে। পুরো রমজান মাসব্যাপী প্রায় ৫০ হাজার রোজাদারকে বিনামূল্যে ইফতার করানোর উদ্যোগ নিয়েছি। ইফতারে অসহায় মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটলেই আমরা স্বার্থক। আল্লাহ পাক আমাদের সহায় হোন।






























