ময়মনসিংহের তারাকান্দায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ময়মনসিংহের তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজ হল রুমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা এবং তারাকান্দা মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করণের উদ্দেশ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

উক্ত কর্মশালায় সম্মানিত অতিথিবৃন্দ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন এবং গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত সমাবেশে’ বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এক যৌথ বৃহৎ মহড়া অনুষ্ঠিত হয়। এই যৌথ মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ হতে ভোটের প্রচারণার পাশাপাশি সর্বসাধারণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে উদাত্ত আহবান জানানো হয়।